নির্বাচনী প্রচারণার মাঠ এখন সরগরম সোনারগাঁয়ে। নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কাঁচপুর ইউনিয়নের অলিগলি। বুধবার বিকেল থেকেই ধানের শীষের পক্ষে এক অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে।
প্রথাগত প্রচারণার বাইরে গিয়ে আজহারুল ইসলাম মান্নান আজ সরাসরি সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যান। ভোটারদের হাতে লিফলেট তুলে দেওয়ার পাশাপাশি তাদের সুখ-দুঃখের কথা শোনেন তিনি। এসময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।
গণসংযোগ শেষে সন্ধ্যায় কাঁচপুর এলাকায় আয়োজিত উঠান বৈঠকগুলো এক প্রকার ছোটখাটো জনসভায় রূপ নেয়। কর্মীদের উদ্দেশ্যে মান্নান বলেন,"ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি এদেশের মানুষের অধিকার আদায়ের হাতিয়ার। কাঁচপুরের প্রতিটি ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিতে হবে।"
এদিনের প্রচারণায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির ঐক্যবদ্ধ অবস্থান স্পষ্ট হয়েছে। মো. সেলিম হক রুমি ও মো. মোমেন খানের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা মিছিল সহকারে গণসংযোগে যোগ দেন। উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজল মিয়াসহ শতাধিক সক্রিয় কর্মী।
নেতাকর্মীদের দাবি, সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা তারা পাচ্ছেন, তা ব্যালট বিপ্লবের মাধ্যমেই প্রতিফলিত হবে।

