সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সোনারগাঁ রয়েল রিসোর্টে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে দিনটি উদ্যাপন করা হয়।
দৈনিক কালবেলার সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়া'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।
অনুষ্ঠানের প্রধান অতিথি সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত তাঁর বক্তব্যে কালবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, একটি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। দৈনিক কালবেলা অল্প সময়ের মধ্যেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাহসিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে পেরেছে। আমি আশা করি, কালবেলা ভবিষ্যতেও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সামনে নিয়ে আসবে এবং সোনারগাঁয়ের উন্নয়নে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, কাঁচপুর সার্কেল (ভূমি) কে.এম রাফসান, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল ভূইয়া, উপজেলা প্রকৌশলী সোহেল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার সফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সেলিম হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হারুন অর রশিদ মিঠু, নোবেল মীর রাকিব হাসানসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে কেক কাটেন এবং পত্রিকার সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন