সোনারগাঁয়ে শামীম-আনোয়া গ্যাংয়ের ত্রাস, অতিষ্ঠ এলাকাবাসী
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর খোলস পাল্টে বিএনপি নেতা পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন শামীম। অভিযোগ রয়েছে, নোয়াগাঁও ইউনিয়নের শেখ কান্দী এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও যুবলীগ নেতা ফজলে করিমের মামাতো ভাই এই শামীম। শেখ কান্দী এলাকার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ এখন শামীমের নেতৃত্বে তার বড় ভাই মামুন পরিচালনা করছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
এলাকাবাসীর দাবি, শামীম ও আনোয়ার মেম্বার বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মাদক ব্যবসা ছাড়াও তারা নিরীহ মানুষের জমি দখল এবং স্থানীয় শিল্প-প্রতিষ্ঠানে নিয়মিত চাঁদাবাজি চালিয়ে আসছে। কেউ প্রতিবাদ করলে তাদের ওপর নেমে আসে নির্মম নির্যাতন।
সর্বশেষ গতকাল বিকেলে লাধুর চর এলাকার ‘আস্থা ফিড’ নামক একটি কোম্পানিতে চাদাঁ তুলতে যান শামীম, আনোয়ার মেম্বার ও মামুনসহ তাদের সশস্ত্র সহযোগীরা। এসময় স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে পুলিশে খবর দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
গতকালকের চাঁদাবাজির ঘটনার পর সোনারগাঁ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। পুলিশ যাওয়ার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, তবে সন্ত্রাসীদের ভয়ে অনেক প্রত্যক্ষদর্শী এখনো মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগীরা প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন এবং চিহ্নিত এসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন