সোনারগাঁয়ের ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশের ঐতিহাসিক স্থাপনা ও লোকজ সংস্কৃতির নিদর্শন ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে তিনি ঐতিহাসিক পানাম নগরী পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জামদানি পল্লী ঘুরে দেখেন। এ সময় ঐতিহ্যবাহী জামদানি বুননশিল্প ও শাড়ির নান্দনিক নকশা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে পানাম নগরীতে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখার পর সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যান।
ফাউন্ডেশনের কারুপল্লীতে জামদানি পল্লী পরিদর্শনকালে তাঁতশিল্পীদের হাতে তৈরি শাড়ির বুনন ও কারুকাজ সম্পর্কে খোঁজখবর নেন।
রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলীসহ দূতাবাসের অন্যান্য সদস্য।
পরিদর্শনকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সোনারগাঁয়ের পানাম নগরী দেশের অন্যতম ঐতিহাসিক নিদর্শন। অন্যদিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি ও কারুশিল্প সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রাষ্ট্রদূতের এ সফরে সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনা ও ঐতিহ্যবাহী তাঁতশিল্প ঘুরে দেখার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন