সোনারগাঁয়ে ২ হাজার ৩০০ পরিবার ও ২ চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
বুধবার (১৫ এপ্রিল) দিনব্যাপী সাদিপুর ও নয়াপুর এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল। অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান চলাকালে দুটি অবৈধ চুনা কারখানার স্থাপনা এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২ ইঞ্চি ব্যাসের ১২ ফুট এবং ৩ ইঞ্চি ব্যাসের ৮০ ফুট এমএস পাইপসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, চুনা কারখানার চারটি ভাট্টিতে প্রতি ঘণ্টায় প্রায় ৮ হাজার ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল। অন্যদিকে, ২ হাজার ৩০০টি ডাবল বার্নারের আবাসিক চুলায় প্রতি ঘণ্টায় প্রায় ৪৮ হাজার ৩০০ ঘনফুট গ্যাস খরচ হচ্ছিল। সব মিলিয়ে প্রতি ঘণ্টায় ৫৬ হাজার ৩০০ ঘনফুট গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, এ অভিযানের ফলে প্রতিদিন প্রায় ২ লাখ ৫৬ হাজার ৮০০ টাকার সমমূল্যের গ্যাস অপচয় রোধ সম্ভব হয়েছে।
তবে অভিযানের খবর পেয়ে চুনা কারখানার মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার বা জরিমানা করা সম্ভব হয়নি।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ গ্যাস সংযোগ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন