সোনারগাঁ উপজেলা নির্বাচনে এনসিপির প্রার্থী তুহিন মাহমুদ
রোববার (১০ মে) দুপুরে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরঅঞ্চল) সারজিস আলম আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীর নাম ঘোষণা করেন। আপাতত নারায়ণগঞ্জ জেলার মধ্যে কেবল সোনারগাঁ উপজেলার জন্যই প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে।
তুহিন মাহমুদের নাম ঘোষণার পরপরই সোনারগাঁ এনসিপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পর্যায়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তুহিন মাহমুদ এনসিপি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আজ আনুষ্ঠানিকভাবে আমাকে উপজেলা পরিষদের প্রার্থী হিসেবে ঘোষণা করায় এনসিপিকে ধন্যবাদ জানাই। আমি এখন থেকেই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শুরু করতে যাচ্ছি। ইতিপূর্বে জাতীয় নির্বাচনে জোটগতভাবে কাজ করার যে অভিজ্ঞতা আমার রয়েছে, তা এই নির্বাচনে কাজে লাগাবো।
তিনি আরও যোগ করেন যে, সাধারণ মানুষের জনসমর্থন আদায় এবং জনকল্যাণে নিবেদিত থাকার প্রত্যয় নিয়েই তিনি নির্বাচনী লড়াইয়ে নামছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সোনারগাঁয়ে এনসিপির এই আগাম প্রার্থী ঘোষণা নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে যুবশক্তির পরিচিত মুখ তুহিন মাহমুদকে প্রার্থী করায় তরুণ ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য যে, পর্যায়ক্রমে দেশের অন্যান্য উপজেলা ও পৌরসভাগুলোতেও এনসিপি তাদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন