প্রধানমন্ত্রীর বুদ্ধি পাঁকা হয় নাই’ মন্তব্য করে ফেঁসে গেলেন বিএনপি নেতা রফিকুল
![]() |
| ছবি; মুক্ত বাংলাদেশ |
রোববার (৩১ মে) জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়, যা আজ সোমবার (১ জুন) গণমাধ্যমে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে অসংলগ্ন বক্তব্য দিয়েছেন, যা সম্পূর্ণভাবে দলীয় আদর্শ ও সাংগঠনিক নীতিমালার পরিপন্থী। তার এই আচরণ গুরুতর শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচনা করছে জেলা বিএনপি।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় নেতৃত্বকে নিয়ে প্রকাশ্যে অসংলগ্ন মন্তব্য করার দায়ে তাকে শোকজ করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে এই নোটিশের সন্তোষজনক লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রফিকুল ইসলাম বিডিআর বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে আপত্তিকর ও অসংলগ্ন মন্তব্য করেন।
পরবর্তীতে তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে (ভাইরাল) স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। এই ঘটনায় দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এরই প্রেক্ষিতে জেলা বিএনপি এই কঠোর সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করল।

একটি মন্তব্য পোস্ট করুন