শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি; মুক্ত বাংলাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে সোনারগাঁ উপজেলার চরনোয়াগাঁও এলাকার দুই নিরীহ যুবককে গ্রেফতারের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেলে সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের চরনোয়াগাঁও জামে মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে গ্রেফতারকৃত রাকিব ও সজিবের পরিবার, গণমান্য ব্যক্তিবর্গসহ কয়েকশ’ নারী-পুরুষ ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চরনোয়াগাঁও থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আড়াইহাজারের ধন্ধিবাজারে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ডাকাত সন্দেহে আটককৃত রাকিব ও সজিব সম্পূর্ণ নিরীহ ও অপরাধমুক্ত ছেলে। গত ১৯ জুন রাতে আড়াইহাজারে যখন হামলার ঘটনা ঘটে, তখন তারা এলাকায় ছিলেন না। এমনকি ঘটনার চারদিন পর তারা আল্লাহর রাস্তায় তাবলীগের চিল্লা থেকে বাড়ি ফিরেছেন। অথচ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদেরকে এই ঘটনার সাথে জড়িয়ে গ্রেফতার করা হয়েছে। বক্তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে দুই যুবকের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন ধন্ধি এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মতিউর মাস্টার, জহিরুল ইসলাম, মফিজুল ইসলাম, আহসান উল্লাহ, আলম মিয়া, ফরহাদ, আমির হোসেন এবং গ্রেফতারকৃত সজিবের মা জরিনা আক্তার ও খালা বিলকিস আক্তারসহ আরও অনেকে। মায়েরা কান্নাজড়িত কণ্ঠে তাদের সন্তানদের এই বলির পাঁঠা বানানো থেকে মুক্তি দিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এর আগে গত ১৯ জুন (শুক্রবার) দিবাগত রাত আনুমানিক একটার দিকে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্ধী ও রাইনাদী এলাকায় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাণ্ডব চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইহাজারের ধন্ধী গ্রামের বাসিন্দা ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন। ঘটনার রাতে প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় তিনি বাড়ির পাশে কয়েকজন বন্ধুর সাথে রাস্তার ধারে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ একদল সশস্ত্র ডাকাত তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এসিল্যান্ড সাকিব হাছান খাঁন, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩) গুরুতর রক্তাক্ত ও আহত হন। তাদের চিৎকারে গ্রামের মানুষ এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়।

ধন্ধী গ্রামে হামলার ঠিক এক ঘণ্টা পর, একই ডাকাত দল পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার বাসিন্দা সুমনের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে।

সোনারগাঁ ও আড়াইহাজার সীমান্তের ধন্ধিবাজারে শেষ হওয়া বিক্ষোভ সমাবেশ থেকে স্থানীয় বাসিন্দারা বলেন, এসিল্যান্ডের ওপর হামলা ও ডাকাতির মতো নৃশংস ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রকৃত ডাকাতদের ফাঁসি চাই। কিন্তু অপরাধের তদন্তের নামে চিল্লা থেকে ফেরা দুই নিরীহ যুবককে গ্রেফতার করে মূল অপরাধীদের আড়াল করার চেষ্টা চালানো হচ্ছে। পুলিশ প্রশাসনকে আরও সতর্ক ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার এবং নির্দোষ রাকিব ও সজিবকে দ্রুত মুক্তি দেওয়ার জোর দাবি জানানো হয়।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন