শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে বিএনপি নেতাদের ‘চুনের রাজত্ব গুঁড়িয়ে দিল তিতাস

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি; মুক্ত বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁ যেন বিএনপি নেতাদের অবৈধ গ্যাসের ‘চুন রাজত্বে’ পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি মূল্যবান জাতীয় সম্পদ গ্যাস চুরি করে অবৈধ চুন কারখানা পরিচালনা করে আসছেন স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী। তিতাস গ্যাস কর্তৃপক্ষ একাধিকবার এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং কারখানা ভেঙে দিলেও, ‘অদৃশ্য শক্তির’ ইশারায় বারবার পুনরায় চালু করা হচ্ছিল এই অবৈধ কার্যক্রম।

অবশেষে সোমবার (২৯ জুন) দিনব্যাপী সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে বিএনপি নেতাদের মালিকানাধীন ৪টি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ কারখানাগুলো গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

স্থানীয় ও তিতাস গ্যাস সূত্রে জানা যায়, উপজেলার ত্রিপরদী এলাকায় এসিআই হেলথকেয়ারের বিপরীত পাশে স্থানীয় বিএনপি নেতা রিটুর মালিকানাধীন একটি বড় চুন কারখানা অবৈধ গ্যাস দিয়ে পরিচালিত হয়ে আসছে। এছাড়া মল্লিকপাড়া, প্রতাপেরচর আব্দুল মোনেম লিমিটেডের বিপরীত পাশে এবং প্রতাপেরচর সোনারগাঁ সল্টের বিপরীত পাশে আরও তিনটি অবৈধ চুন কারখানা গড়ে ওঠে।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত ওই ৪টি কারখানার গ্যাস সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয় এবং কারখানার ভেতরের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়। একই সাথে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ ও চুন তৈরির সরঞ্জামাদি জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

অভিযানের সময় ত্রিপরদী এলাকায় অবৈধ চুন কারখানার মালামাল রাখার জায়গা ভাড়া দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে ৫,০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রতাপেরচর এলাকার সোনারগাঁ সল্টের বিপরীত পাশের চুন কারখানা থেকে চুনাপাথর ভর্তি একটি ট্রাক জব্দ করে সোনারগাঁ থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।

তিতাস গ্যাসের মেঘনাঘাট শাখার ম্যানেজার সুরজিত সাহা জানান, সরকারের মূল্যবান জাতীয় সম্পদ গ্যাস চুরির বিরুদ্ধে এবং অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে তিতাসের এই ক্রাশ প্রোগ্রাম ও কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

এলাকাবাসীর অভিযোগ, তিতাস গ্যাস কর্তৃপক্ষ এর আগেও বেশ কয়েকবার এসব কারখানা ভেঙে দিলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুনরায় সিন্ডিকেট চক্রটি গ্যাস চুরি শুরু করত। এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরলেও, পুনরায় যেন এই ‘চুনের রাজত্ব’ চালু না হতে পারে সেজন্য নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন