সোনারগাঁয়ে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ২
গ্রেপ্তারকৃতরা হলেন— শরীয়তপুরের সখিপুর থানার মৃধাকান্দি গ্রামের দেলোয়ার হোসেন ওরফে মুন্না (৪৩) এবং স্থানীয় সোনারগাঁ উপজেলার নানাখি এলাকার বাসিন্দা আবিদ মাহমুদ আকাশ (২৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাউর রহমানকে লক্ষ্য করে এই প্রতারক চক্রটি বেশ কিছুদিন ধরে ফাঁদ পাতার চেষ্টা করছিল। এরই ধারাবাহিকতায়, গত সোমবার (১৩ জুলাই) রাতে অভিযুক্তরা আতাউর রহমানকে পানাম ফুড পার্কে ডেকে নেন।
সেখানে নিজেদের ডিজিএফআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করে তারা আতাউর রহমানকে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে ভয়ভীতি দেখাতে শুরু করেন। তারা হুমকি দেন যে, ৫ লাখ টাকা না দিলে তার বিরুদ্ধে একটি নেতিবাচক গোয়েন্দা প্রতিবেদন সদর দপ্তরে পাঠানো হবে, যা তার নির্বাচনী ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে।
হুমকির মুখে ঘাবড়ে না গিয়ে প্রার্থী আতাউর রহমান কৌশল অবলম্বন করেন। তাদের আচরণ ও কথাবার্তায় সন্দেহ প্রকাশ পাওয়ায় তিনি গোপনে সোনারগাঁ থানা পুলিশকে বিষয়টি জানান। অভিযোগ পেয়ে আজ মঙ্গলবার সকালে পুলিশ পানাম ফুড পার্কে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত নন এবং কেবল প্রতারণার উদ্দেশ্যেই এই পরিচয় ব্যবহার করেছিলেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, সরকারি সংস্থার ভুয়া পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষ করে তাদের দ্রুত আদালতে পাঠানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন