সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি রাসেল গ্রেপ্তার
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শেরেবাংলা নগর থানাধীন পান্থপথ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল আহমেদ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের কুরবানপুর এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরে পিরোজপুর ইউনিয়নের পাঁচানী ও আশপাশের এলাকায় গড়ে ওঠা নতুন শিল্পকারখানা, ড্রেজিং, আবাসন প্রকল্প এবং ঝুট ব্যবসাকে কেন্দ্র করে একটি নিজস্ব সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিল। ইট-বালু সরবরাহ ও নির্মাণকাজের একক নিয়ন্ত্রণ নিতে স্থানীয় ঠিকাদার ও ব্যবসায়ীদের জিম্মি করে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা দাবি করত এই বাহিনী। আধিপত্য বিস্তারে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র, রামদা, টেঁটা ও হকিস্টিক নিয়ে মহড়া দেওয়া, প্রতিপক্ষ গ্রুপের ওপর গুলি চালানো এবং বাড়িঘরে হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি মাদকের খবর প্রকাশ করায় সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলা চালানোর ঘটনাও ঘটেছিল।
পরবর্তীতে রাসেলের দেওয়া তথ্যের ভিত্তিতে অদ্য সকালে সোনারগাঁওয়ের কুরবানপুরে তার বসতবাড়ির পশ্চিম পাশের একটি গোডাউন থেকে ১টি দেশীয় শটগান, ৪ রাউন্ড গুলি এবং ১৪টি টেঁটা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও এবং ঢাকার বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে। প্রয়োজনীয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন