সোনারগাঁয়ে আ'লীগ নেতার চুন কারখানা গুঁড়িয়ে দিলো তিতাস
![]() |
| ছবি; মুক্ত বাংলাদেশ |
রবিবার (৭ জুলাই) দিনব্যাপী উপজেলার পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড সোনারগাঁ শাখার ম্যানেজার শবিউল আওয়াল উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকায় দুটি এবং মুজাফফর আলী ফাউন্ডেশনের পেছনে একটি চুন কারখানা দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারের মূল্যবান প্রাকৃতিক গ্যাস চুরি করে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। এর মধ্যে প্রতাপেরচর এলাকায় মুনায়েম কোম্পানির বিপরীতে স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবু দীর্ঘদিন যাবত এই অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুন কারখানা পরিচালনা করছিলেন বলে নিশ্চিত করেছে তিতাস কর্তৃপক্ষ।
গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার দিনব্যাপী অভিযান চালিয়ে এই কারখানাগুলোর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ভেকু দিয়ে কারখানাগুলো ভেঙে ফেলা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অবৈধ চুন কারখানার মূলহোতারা আগেই পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক বা তাৎক্ষণিক জেল-জরিমানা করা সম্ভব হয়নি।
অভিযান প্রসঙ্গে তিতাস গ্যাসের সোনারগাঁ শাখার ম্যানেজার সুরজিত সাহা বলেন, সরকারি সম্পদ রক্ষায় এবং অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে রাষ্ট্রীয় সম্পদ অপচয় করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। পালিয়ে যাওয়া মূলহোতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অভিযান চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং সংযোগ বিচ্ছিন্নের কাজে সহায়তার জন্য তিতাস গ্যাসের কারিগরি টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন