শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ট্রলারডুবি, ২০ ঘণ্টা পরও নিখোঁজ একই পরিবারের চারজন

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি: সংগ্রহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় একই পরিবারের চার সদস্যের এখনো সন্ধান পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শুক্রবার সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে ফের অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড।

নিখোঁজ চারজন হলেন কুমিল্লার হোমনা এলাকার বাসিন্দা হেলাল উদ্দিন (৫৫), সজীব (২৪), সামিয়া (১৭) ও সামিন (৫)।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ১৪ জন যাত্রী একটি ট্রলারে করে কুমিল্লা থেকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারের উদ্দেশে রওনা দেন। পথে সোনাময়ী এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি নদীতে ডুবে যায়।

ট্রলারডুবির খবর পেয়ে কাছাকাছি থাকা একটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে নয়জনকে জীবিত উদ্ধার করে। পরে রায়েসা বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে একই পরিবারের চার সদস্য নিখোঁজ থেকে যান।

দুর্ঘটনার পর স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। সন্ধ্যার পর পরিস্থিতি অনুকূলে না থাকায় রাতে অভিযান স্থগিত করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শুক্রবার সকাল ৭টা থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। তিনজন ডুবুরি নদীতে নেমে নিখোঁজদের সন্ধানে কাজ করছেন। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, ফায়ার সার্ভিসের একটি দল ও কোস্ট গার্ডের দুটি দল ঘটনাস্থলে থেকে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিখোঁজ চারজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন