সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি, উদ্ধার অভিযান পরিদর্শনে এমপি মান্নান
![]() |
| সোনারগাঁয়ের মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে চলমান অভিযান পরিদর্শন করছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। |
শুক্রবার সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের উদ্ধার কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় উদ্ধারকাজে নিয়োজিত সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নিখোঁজদের উদ্ধারে কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শনে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ১৪ জন যাত্রী একটি ট্রলারে করে কুমিল্লা থেকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারের উদ্দেশে রওনা হন। পথে সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
এ ঘটনায় কাছাকাছি থাকা একটি ট্রলারের সহায়তায় নয়জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে রায়েসা বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে একই পরিবারের চার সদস্য নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন কুমিল্লার হোমনা এলাকার হেলাল উদ্দিন (৫৫), সজীব (২৪), সামিয়া (১৭) ও সামিন (৫)।
দুর্ঘটনার পর স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। রাতের বেলায় নদীর পরিস্থিতি অনুকূলে না থাকায় অভিযান স্থগিত করা হয়। শুক্রবার সকাল ৭টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের তিনজন ডুবুরি নদীতে নেমে তল্লাশি চালাচ্ছেন। এখন পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, ফায়ার সার্ভিসের একটি দল ও কোস্ট গার্ডের দুটি দল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। নিখোঁজ চারজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন