সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ
![]() |
| সোনারগাঁয়ের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন স্কুলশিক্ষার্থীর সন্ধানে ডুবুরি দলের উদ্ধার অভিযান। |
নিখোঁজ শিক্ষার্থীরা হলো,মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের জমজ দুই ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির (১৪)। তারা মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। আরিফিন ও আশিকিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে।
স্থানীয়রা জানিয়েছে, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই শিক্ষার্থীরা। পরে তারা স্কুলে না গিয়ে কয়েকজন বন্ধু মিলে ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের একজন নদী থেকে উঠে এলেও তিনজন পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা নদীতে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসেছে। তিনজন ডুবুরি বর্তমানে নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তাদের সন্ধানে কার্যক্রম অব্যাহত রয়েছে।
বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুব আলম বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ চালাচ্ছে। নৌ ফাঁড়ির পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন