সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে ধস্তাধস্তি, দুই পুলিশ সদস্য হাসপাতালে
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কুমিল্লার মেঘনা থানার কুদরত আলীর ছেলে রিপন মিয়া (৩৫) একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পর সোনারগাঁ থানা পুলিশের একটি দল বৈদ্যেরবাজার খেয়াঘাট এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর সহযোগীরা বাধা দিয়ে তাঁকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় বলে স্থানীয়দের অভিযোগ। এরপর রিপন মিয়া নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান।
ঘটনার পর সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পুলিশ সদস্য চিকিৎসা নেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত বলেন, বিকেল আনুমানিক ৪টার দিকে দুজন পুলিশ সদস্য চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে একজনের নাম হাসমত উল্লাহ। তাঁদের আঘাত গুরুতর নয়।
তবে পুলিশের পক্ষ থেকে আসামির সহযোগীদের হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। অভিযানে থাকা সোনারগাঁ থানার এএসআই হাসমত উল্লাহ বলেন, আসামিকে ধরতে গেলে তিনি দৌড়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেনি।
সোনারগাঁ থানার এসআই সুরুজ্জামান বলেন, তাঁরা তিনজন পুলিশ সদস্য বৈদ্যেরবাজার খেয়াঘাট এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য গিয়েছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। তাঁদের ওপর কোনো হামলা হয়নি।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেনও পুলিশের ওপর হামলার ঘটনা অস্বীকার করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। এ সময় পুলিশের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি।

একটি মন্তব্য পোস্ট করুন