কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি সার্ভিস চালু, ভোলার যোগাযোগে নতুন দিগন্ত
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কাঁচপুরে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা-ইলিশা ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলার সঙ্গে স্থলপথে যোগাযোগ স্থাপনের লক্ষ্য রয়েছে সরকারের।
তিনি বলেন, দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে ভোলার সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় নৌপথই দীর্ঘদিন ধরে দ্বীপ জেলার মানুষের অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম। স্থায়ী সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হওয়ার আগ পর্যন্ত মানুষের যাতায়াত এবং যানবাহন পরিবহনের সুবিধার্থে কাঁচপুর-ইলিশা রুটে ফেরি চলাচল অব্যাহত থাকবে।
এর আগে গত ২৭ আগস্ট এই নৌপথে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়। পরীক্ষামূলক যাত্রার পরপরই যাত্রীদের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, পিকআপ এবং পণ্যবাহী ট্রাক পরিবহনে রুটটির প্রতি আগ্রহ বাড়তে থাকে।
বর্তমানে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামের দুটি ফেরি কাঁচপুর-ইলিশা নৌপথে চলাচল করছে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে সময় লাগছে প্রায় আট ঘণ্টা।
নৌপরিবহন মন্ত্রী বলেন, ভবিষ্যতে যাত্রী ও যানবাহনের চাপ এবং প্রয়োজনের ওপর ভিত্তি করে এ রুটে ফেরির সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। একই সঙ্গে যাত্রীদের জন্য ভাড়া সহনীয় পর্যায়ে রাখা, সেবার মান উন্নত করা এবং ফেরিঘাট এলাকায় সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরাসরি এ ফেরি সার্ভিস চালুর ফলে ভোলার ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হওয়ায় দুই অঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন