সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে ৩ ছাত্র নিখোঁজ, উদ্ধার ২
![]() |
| সোনারগাঁয়ের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার। |
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ভাটিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো—মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের জমজ দুই ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির (আব্দুল হাকিম, ১৪)। তারা মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। আরিফিন ও আশিকিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।
স্থানীয়রা জানায়, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই শিক্ষার্থীরা। পরে তারা স্কুলে না গিয়ে কয়েকজন বন্ধু মিলে ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের একজন নদী থেকে উঠে এলেও তিনজন পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ঢাকা থেকে আসা ডুবুরি দল নদী থেকে জমজ দুই ভাই—আরিফিন ও আশিকিনের মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আবির। তাকে উদ্ধারে নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ও বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুব আলম জানান, নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকী শিক্ষার্থীকে দ্রুত উদ্ধারে ডুবুরি দল ও নৌ পুলিশ সমন্বিতভাবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন