খাদ্যপণ্যে নানা অনিয়ম, ৭০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
আল আমিন নগর এলাকায় অবস্থিত ‘বউ জামাই সুইটস অ্যান্ড চানাচুর’ নামের একটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সেখানে অনুমোদনহীন রং ব্যবহার করে চানাচুরসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও প্যাকেটজাত করা, কর্মীদের খালি পায়ে কাজ করা এবং উৎপাদন এলাকায় পোষা প্রাণীর অবাধ বিচরণসহ মোড়কজাতকরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগও পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানে থাকা অনুমোদনহীন রং তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আগামী সাত দিনের মধ্যে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (জিএমপি) নীতি অনুসরণ করে খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, সৈয়দপুর এলাকায় অবস্থিত ‘লাইফ এগ্রো ফুড’ নামের একটি প্রতিষ্ঠানে মোড়কজাতকরণ বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের বাজার পরিদর্শক শরীফুল ইসলাম এবং নারায়ণগঞ্জ জেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন