সোনারগাঁয়ে ১০ লাখ টাকা চাঁদা চেয়ে প্রাননাশের হুমকি
এ ঘটনায় ভুক্তভোগী মাকছুদা হোসেন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানাযায়, মাকছুদা হোসেন ২০১১ সালে পানাম গাবতলী মৌজার আরএস ৯৫ নম্বর দাগে ১৭ শতাংশ জমি কেনেন। এরপর নামজারি ও খাজনা পরিশোধের মাধ্যমে তিনি জমিটি ভোগদখল করে আসছেন। জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ করতে গেলে অভিযুক্তরা দুই দফায় তা ভেঙে ফেলেন।
ভুক্তভোগীর দাবী, জমি কেনার পর অভিযুক্তরা মিষ্টি খাওয়ার কথা বলে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা তাঁর সঙ্গে বিরোধে জড়ান। গত ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত আল আমিনসহ নয়জন আরও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের একটি দল তাঁর জমিতে প্রবেশ করে সীমানাপ্রাচীর ভেঙে ফেলে। এতে প্রায় দুই লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ছাড়া জমিতে রাখা আড়াই হাজার ইট এবং ১৫ বস্তা সিমেন্ট, চুরি করে নিয়ে যায়।
স্থানীয় বাসিনা আব্দুল বারেক বলেন, মাকছুদা হোসেনের ক্রয়কৃত জমিতে কাজ করতে আসলে চেয়ারম্যান মামুনের ভাই সুমনসহ তার সহযোগীরা এসে হামলা চালায়। সীমানাপ্রাচীর নির্মাণ করতে গেলে ভেঙে ফেলে।
বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইসমাইল বলেন, মাকছুদা হোসের জমিতে কাজ করতে গেলে চেয়ারম্যানের লোকজন এসে বাধা, হুমকি প্রদান করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন