শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে বিএনপির ৩ নেতা আহত: চাঁদাবাজি ও রাজনৈতিক বিরোধে পৃথক হামলা

প্রকাশঃ




নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি হামলার ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৩ নেতা আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার ষোলপাড়া ব্রিজ এবং সকালে উপজেলা পরিষদের সামনে এই হামলার ঘটনাগুলো ঘটে। এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ পৌরসভার ষোলপাড়া ব্রিজ এলাকায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ ও পৌর শ্রমিক দলের সভাপতি আবুল হোসেনের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


এ ঘটনায় আবু সাঈদের স্ত্রী কাজল রেখা বাদী হয়ে সোনারগাঁ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।


হামলাকারীরা চাপাতি, চাইনিজ কুড়াল ও হকিস্টিক দিয়ে ভুক্তভোগীদের হত্যার চেষ্টা চালায়। আহতদের কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল এবং তা না দেওয়ায় এই হামলা। ভুক্তভোগীদের দাবি, দলের ‘নব্য’ কিছু কর্মী প্রভাব খাটিয়ে তাদের ড্রেজার ব্যবসায় বাধা ও চাঁদা দাবি করছে। তবে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুর রহিম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে "মিথ্যা ও ভিত্তিহীন" বলে দাবি করেছেন।


এদিকে, বৃহস্পতিবার সকালেই সোনারগাঁ উপজেলা পরিষদের সামনে হামলার শিকার হন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক। তিনি জানান, একদল দুর্বৃত্ত অতর্কিত তার ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করে।


রফিক দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রেজাউল করিমের পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয় থাকায় স্থানীয় বিএনপির একাংশ তার ওপর ক্ষিপ্ত ছিল। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, হামলার অভিযোগগুলো তারা পেয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন