[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে মাদকাসক্ত জামাতার নেতৃত্বে শ্বশুরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

প্রকাশঃ


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে এক মাদকাসক্ত জামাতার নেতৃত্বে শ্বশুরবাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর, লুটপাট এবং বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। 

শুক্রবার (৬ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী সালেহা বেগম (৪০) এই লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন এবং প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সালেহা বেগম জানান, তার মেয়ে খুকি বেগমের স্বামী জয়নাল একজন চিহ্নিত মাদকাসক্ত। প্রায় এক বছর আগে ২ লাখ ৬০ হাজার টাকা দিয়ে জয়নালকে একটি মোটরসাইকেল কিনে দেওয়া হয়েছিল। সম্প্রতি জয়নাল সেই মোটরসাইকেলটি ৬০ হাজার টাকায় স্থানীয় একজনের কাছে বন্ধক রাখেন। গতকাল ৫ মার্চ বিকেলে তালতলা বাজারে এ বিষয়ে কথা বলতে গেলে জয়নাল তার স্ত্রী খুকি ও শ্যালক আব্দুল মোতালিবকে মারধর করে আহত করেন।

অভিযোগ অনুযায়ী, এই ঘটনার জেরে গতকাল সন্ধ্যা ৬টার দিকে জয়নাল ও তার ২০-২১ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে সালেহা বেগমের ছোট ভাই সেলিমের বাড়িতে হামলা চালায়। হামলায় সন্ত্রাসী শফিকুল রামদা দিয়ে সেলিমকে হত্যার চেষ্টা করলে তিনি গুরুতর জখম হন। এসময় সেলিমের মুদি দোকান থেকে প্রায় ৬০ হাজার টাকার মালামাল লুট করা হয়।

পরবর্তীতে রাত ১০টার দিকে সন্ত্রাসীরা সালেহা বেগমের নিজস্ব বসতবাড়িতে প্রবেশ করে। তারা সালেহা বেগম, তার মেয়ে খুকি এবং নাতনি জুই মনিকে (১৪) এলোপাতাড়ি পিটিয়ে জখম করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় ঘর থেকে নগদ ৫ লাখ টাকা, ২ ভরি স্বর্ণালংকার, এলইডি টিভি, এসি, ল্যাপটপসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

সালেহা বেগম সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে বলেন, লুটপাট শেষে জয়নাল ও শফিকুল পেট্রোল ঢেলে আমাদের একতলা বসত বিল্ডিংয়ে আগুন ধরিয়ে দেয়। এতে আসবাবপত্রসহ পুরো ঘর পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে আসামিরা আমাদের পরিবারের সদস্যদের খুন করার হুমকি দিয়ে চলে যায়।

ভুক্তভোগী পরিবারটি বর্তমানে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ শেষে থানায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন