সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশনে ডাকাতি,সাবেক কর্মীর বিরুদ্ধে অভিযোগ
অভিযোগ সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার জালাল টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত টি-এন্টারপ্রাইজের অফিসে হানা দেয় দুর্বৃত্তরা। প্রতিষ্ঠানের সাবেক ডিএসও (DSO) রবিউল আউয়াল পিন্টুর নেতৃত্বে ৮-১০ জনের একটি সশস্ত্র দল অফিসে প্রবেশ করে। তাদের হাতে শটগান, পিস্তল, রামদা, চাপাতি ও ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল।
ভুক্তভোগী প্রতিষ্ঠানের মালিক জানান, দুর্বৃত্তরা অফিসে ঢুকেই কর্মকর্তা ও কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায়। মারধরের একপর্যায়ে সবাইকে জিম্মি করে ক্যাশে থাকা ৭ লাখ টাকা, ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ৫টি স্মার্টফোন, সিসি ক্যামেরা ডিবিআর এবং গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া লুণ্ঠিত মোবাইলগুলোতে প্রায় ১ কোটি টাকার ই-মানি ব্যালেন্স ছিল, যা বর্তমানে দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে।
ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাতি শেষে দুর্বৃত্তরা বিষয়টি নিয়ে মামলা-মোকদ্দমা করলে প্রতিষ্ঠানের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয় এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ভয় দেখায়।
প্রতিষ্ঠানের মালিকের ধারণা, সাবেক কর্মচারী রবিউল আউয়াল পিন্টু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্য আগে থেকেই সংগ্রহ করে রেখেছিল এবং পূর্বপরিকল্পিতভাবেই এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী প্রতিষ্ঠানের মালিক আল-আমিন বলেন, আমি আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের কর্মীদের আহত করেছে এবং বিশাল অঙ্কের সরকারি-বেসরকারি মূল্যের ই-মানি লুট করেছে। আমি অবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মুহিববুল্লাহ বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন