সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলা-আসামি সজিবের ৭ দিনের রিমান্ড আবেদন
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদকাসক্ত হয়ে পড়ায় গত ১২ মে প্রবাসী মোহাম্মদ ফয়জলকে সোনারগাঁওয়ের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত ‘এভারগ্রীন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র’-এ ভর্তি করে তার পরিবার। গত ৩০ মে দিবাগত রাতে ফয়জলসহ কয়েকজন রোগী কেন্দ্র থেকে পালানোর পরিকল্পনা করছেন—এমন অভিযোগে তাদের ওপর চড়াও হন কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তিরা।
সেখানে উপস্থিত অন্য ১২ জন রোগীর সামনেই নিরাময় কেন্দ্রের মালিক সজিব আহম্মেদ এবং তার সহযোগীরা ফয়জলের হাত-পা বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। নির্যাতনের পর বিষয়টি সম্পূর্ণ গোপন রাখা হয়। পরবর্তীতে গত ৩ জুন রাতে ফয়জলের মৃত্যু হলে নিরাময় কেন্দ্রের লোকজন তার মরদেহ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে আনার আগেই ফয়জলের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় নিহতের স্বজনরা সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁও থানার এসআই মো, সুরুজ্জামান জানান, ঘটনার পর আসামিরা মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি সজিব আহম্মেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি সজিবকে আদালতে পাঠানোর পর তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, নির্যাতনে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার এবং পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এই রিমান্ড অত্যন্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন