সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ২৫ লাখ টাকার তেল উদ্ধার, চালক গ্রেফতার
শনিবার (১১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় গত শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর ও ঢাকার সাভার এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে চালককে আটক এবং ৭১৬ কার্টন তেল উদ্ধার করা হয়।
পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত ৬ জুলাই বিকেলে সোনারগাঁয়ের পিরোজপুর গঙ্গানগর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের ফ্যাক্টরি থেকে সয়াবিন তেলের চালানটি লোড করা হয়।
সিলেট-ট ১১-০৬৫৮’ নম্বরের একটি ট্রাকে করে মোট ৭৫০ কার্টন তেল রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ট্রাকে পণ্য লোডের পর চালক আল আমিন গাজী নির্ধারিত গন্তব্যে না গিয়ে মাঝপথ থেকেই ট্রাকসহ উধাও হয়ে যান।
এই ঘটনার পর পরিবহনের দায়িত্বে থাকা ফাহিমা ই-ট্রান্সপোর্টের ব্যবস্থাপক মো. হাছান আলী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর মাঠে নামে জেলা পুলিশের একটি বিশেষ টিম। নিখোঁজ চালকের অবস্থান শনাক্ত করতে তারা আধুনিক প্রযুক্তির সাহায্য নেন। শুক্রবার বিকেলে প্রথমে গাজীপুরের কালিয়াকৈর থেকে অভিযুক্ত চালক আল আমিনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী, ওই রাতেই ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে আত্মসাৎ করা ৭১৬ কার্টন সয়াবিন তেল ও ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেফতারকৃত চালককে শনিবার আদালতে পাঠানো হয়েছে। এই বিপুল পরিমাণ পণ্য চুরির পেছনে কোনো সংঘবদ্ধ চক্র কাজ করছে কি না বা চালকের সাথে অন্য কোনো সহযোগী জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের গভীর তদন্ত চলমান রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন