শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ট্রাকচাপায় পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের ধাক্কায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মহাসড়কের মদনপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড থেকে মদনপুর পর্যন্ত অন্তত ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে মদনপুর এলাকার জাহিন টেক্সটাইল গার্মেন্টসের ছুটি হওয়ার পর শ্রমিকরা বাড়ি ফিরছিলেন। ঢাকামুখী লেন থেকে চট্টগ্রামগামী লেনে পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তিন শ্রমিককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক মারা যান। আহত অন্য দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই শ্রমিকরা ঘাতক ট্রাকটিকে আটকে ফেলেন।

সহকর্মীর মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে রাত ১০টার দিকে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার শ্রমিকরা। এর ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। মুহূর্তের মধ্যেই চিটাগাং রোড ছাড়িয়ে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়, যা দীর্ঘসময় স্থায়ী থাকে। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী ও পরিবহন শ্রমিক। অনেককে বাধ্য হয়ে উল্টো পথে কিংবা বিকল্প উপায়ে গন্তব্যে ছুটতে দেখা যায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন জানান, ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ ও শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, দুর্ঘটনার পরই হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানজট নিরসনে কাজ শুরু করে। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন