শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাঙচুর, কুপিয়ে জখম ৩

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

সোনারগাঁয়ের বুরুমদী এলাকায় ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ; হামলায় আহত তিন যুবককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোনারগাঁয়ে বিদেশে পাঠানোর জন্য দেওয়া ৮ লাখ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় হামলায় বাধা দিতে গিয়ে তিন যুবক ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় কাপড় ব্যবসায়ী আবু হানিফের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—সৌরভ মিয়া, আল হাসান ও রনি। তাদের মধ্যে সৌরভের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আবু হানিফের স্ত্রী ফারাজানা বেগম ও আহত সৌরভের বাবা মঞ্জুর মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় পৃথক অভিযোগ দিয়েছেন। অভিযোগে এসএম সিহাব রিজন, আহাম্মদ, ইসহাক খান, তামিম খান, বাবু, অপু ও শান্তসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আবু হানিফের নিকটাত্মীয় নিরবকে সৌদি আরবে পাঠানোর কথা বলে প্রায় এক বছর আগে এসএম সিহাব রিজনকে ৮ লাখ টাকা দেওয়া হয়। পরে নিরবকে বিদেশে পাঠাতে ব্যর্থ হলে ওই টাকা ফেরত চান আবু হানিফ। এ নিয়ে রিজন ও তার সহযোগীদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই বিরোধের জেরে শুক্রবার রাতে এসএম সিহাব রিজনের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আবু হানিফের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি একটি মোবাইল ফোন ও প্রায় দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

বাড়ির লোকজনের চিৎকার শুনে প্রতিবেশী সৌরভ, আল হাসান ও রনি সেখানে গেলে তারা হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন তাদের ওপর রামদা, ছুরি, কুড়াল ও লাঠি দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন আহতদের স্বজনরা। এতে তিনজনই গুরুতর আহত হন। হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের দাবি, হামলার আগে স্থানীয় একটি মসজিদের মাইকে আবু হানিফের বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

আহতদের প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সৌরভের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযোগের বিষয়ে এসএম সিহাব রিজন বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। ঘটনার সময় তিনি কাঁচপুরে একটি মিটিংয়ে ছিলেন। তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, এ ঘটনায় পৃথক দুটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন