শিরোনাম ::
শিরোনাম ::

সড়ক সংস্কার নিয়ে অপপ্রচারের অভিযোগ কাউসারের

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজহরদী এলাকায় পঞ্চমীঘাট-কেউঢালা প্রধান সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশ সংস্কারকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ তুলেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ। তাঁর দাবি, স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে তিনি নিজের অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। তবে এ কাজের অর্থায়ন নিয়ে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

রোববার (১১ অক্টোবর) দুপুরে সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাউসার আহমেদ। এ সময় তিনি নিজের উদ্যোগে বিভিন্ন রাস্তা, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও সামাজিক প্রতিষ্ঠানে সহায়তার বিবরণ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে কাউসার আহমেদ বলেন, “সাদিপুরের মানুষ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা সড়কের কারণে দুর্ভোগ পোহাচ্ছিলেন। তাঁদের কষ্টের কথা বিবেচনা করেই আমি ব্যক্তিগত অর্থায়নে কাজহরদী এলাকার সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছি। অথচ এই জনকল্যাণমূলক কাজকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী অমল পোদ্দারের অর্থ নিয়ে আমি নিজের নামে কাজটি চালাচ্ছি বলে যে অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন।”

তিনি আরও বলেন, “আমি নিজের বৈধ উপার্জনের অর্থ দিয়ে মানুষের জন্য কাজ করছি। রাজনীতি আমার কাছে মানুষের সেবা করার একটি মাধ্যম। কারও বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বা অপপ্রচার চালিয়ে জনসেবামূলক কর্মকাণ্ড বন্ধ করা যাবে না।”

সংবাদ সম্মেলনে দেওয়া হিসাব অনুযায়ী, বিভিন্ন রাস্তা সংস্কার, ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা, এতিমখানা ও সামাজিক কর্মকাণ্ডে ব্যক্তিগতভাবে মোট ১১ লাখ ৯০ হাজার টাকা ব্যয় করেছেন বলে দাবি করেন কাউসার আহমেদ। এর মধ্যে কাজহরদী সড়ক মেরামতে চলমান ব্যয় দেখানো হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া নানাখী কওমি মাদ্রাসা ও এতিমখানা, বিভিন্ন মসজিদ, ঈদগাহ মাঠ, কবরস্থান সড়ক এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সহায়তার বিবরণও তুলে ধরেন তিনি।

এ সময় তিনি সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের অনুদানে নামা বরগাঁও ও নানাখী কামালের টেক এলাকায় রাস্তার কাজে বরাদ্দ এবং জেলা পরিষদের অর্থায়নে পঞ্চমীঘাট থেকে মরহুম হোসেন আলী ভূঁইয়ার বাড়ি পর্যন্ত সড়কের কাজ টেন্ডার প্রক্রিয়ায় থাকার তথ্যও উল্লেখ করেন।

কাউসার আহমেদ বলেন, “জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি অতীতেও সাদিপুরবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। আমার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের কাছে বিষয়টি সঠিকভাবে তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন