শিরোনাম ::
শিরোনাম ::

মোগরাপাড়া চৌরাস্তায় ড্রেন দখল করে ‘হান্ড্রেড প্লাজা’র দেয়াল নির্মাণ: চলাচলে ভোগান্তি

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় জনসাধারণের চলাচলের রাস্তা ও সরকারি ড্রেন দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে ‘হান্ড্রেড প্লাজা’ (হান্ড্রেড শপিং কমপ্লেক্স) কর্তৃপক্ষের বিরুদ্ধে। ড্রেনের ওপর অবৈধভাবে দেয়াল নির্মাণ করায় সাধারণ মানুষের চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আগে ‘খন্দকার প্লাজা’ নামে একটি মার্কেট ছিল। সেটি ভেঙে বর্তমানে ‘হান্ড্রেড প্লাজা’ নামে একটি বিশাল বাণিজ্যিক ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটির নির্মাণকাজ শুরুর সময় থেকেই নানা অনিয়মের অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ তা উপেক্ষা করেই কাজ চালিয়ে যায়।


সম্প্রতি মার্কেটের পার্কিং সুবিধার জন্য রাস্তা তৈরির সময় সরকারি ড্রেনের ওপর স্থাপনা নির্মাণের অভিযোগ ওঠে। সেই বিতর্কের অবসান না হতেই নতুন করে ড্রেনের ওপর দেয়াল নির্মাণের কাজ শুরু করেছে মার্কেট কর্তৃপক্ষ।


সরেজমিনে দেখা যায়, ড্রেনের ওপর দেয়াল তোলায় জনসাধারণের হাঁটার পথ চরমভাবে সরু হয়ে গেছে। স্থানীয়দের দাবি: আগে ড্রেনের ওপর দিয়ে স্বচ্ছন্দে যাতায়াত করা যেত। দেয়াল নির্মাণের ফলে এখন ড্রেনের ওপর দিয়ে একসঙ্গে দুজনের চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। স্থানীয়রা বাধা দিলেও মার্কেট কর্তৃপক্ষ তা কর্ণপাত করেনি।


এ বিষয়ে জানতে চাইলে হান্ড্রেড প্লাজার দায়িত্বরত একজন ইঞ্জিনিয়ার দাবি করেন, "সরকার আমাদের জায়গা দখল করে আগে ড্রেন নির্মাণ করেছে। তাই আমরা নিজেদের জায়গার ওপর দেয়াল তুলছি।" তবে ড্রেনের ওপর দেয়াল নির্মাণের আইনগত বৈধতা নিয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।




সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাত বলেন, "সরকারি ড্রেনের ওপর দেয়াল নির্মাণ করার কোনো এখতিয়ার কারো নেই। এটি সম্পূর্ণ অবৈধ। যদি কেউ এমন কাজ করে থাকে, তবে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"


স্থানীয়রা দ্রুত এই অবৈধ দেয়াল উচ্ছেদ করে ড্রেনটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন