সোনারগাঁয়ে অবৈধ ছাপাখানার ২০ লাখ টাকার গাইড বইসহ সরঞ্জাম জব্দ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় একটি অবৈধ ছাপাখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার বেহাকৈর এলাকার একটি ভবনে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কাঁচপুর বেহাকৈর এলাকায় পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। ওই সময় একটি ভবনের ভেতরে কোনো প্রকার অনুমোদন ছাড়াই বিভিন্ন নামি-দামি প্রকাশনীর নাম ব্যবহার করে গাইড বই ছাপানোর কাজ চলছিল।
অভিযান চলাকালে সেখান থেকে বিভিন্ন শ্রেণির প্রায় ৪ হাজার কপি অবৈধ গাইড বই জব্দ করা হয়। উদ্ধারকৃত বইগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষ টাকা। এছাড়া বই ছাপানোর কাজে ব্যবহৃত বড় আকারের মেশিন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একটি অসাধু চক্র দীর্ঘ দিন ধরে সরকারের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্বনামধন্য প্রকাশনীর লোগো ও নাম ব্যবহার করে মানহীন গাইড বই ছাপিয়ে আসছিল। এসব বই দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হতো। এই অবৈধ কার্যক্রমের ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল এবং আসল প্রকাশনীগুলো চরম ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছিল।
অভিযানের সময় ওই ছাপাখানায় কর্মরত ১১ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই জালিয়াতির সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততা না পাওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "অবৈধভাবে পরিচালিত ওই ছাপাখানা থেকে বই ও মেশিন জব্দ করা হয়েছে। এই ঘটনায় কপিরাইট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত মালামাল আদালতের নির্দেশে পরবর্তী কার্যক্রমের জন্য পাঠানো হয়েছে।"
তিনি আরও জানান, এই চক্রের মূল হোতাদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন