হাইওয়েতে আইন ভাঙলে বাতিল হবে গাড়ির রেজিস্ট্রেশন: স্বরাষ্ট্রমন্ত্রী
হাইওয়েতে আইন ভাঙলে বাতিল হবে গাড়ির রেজিস্ট্রেশন: স্বরাষ্ট্রমন্ত্রীঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এই মহাসড়কে কোনো যানবাহন বারবার ট্রাফিক আইন অমান্য করলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট গাড়িটির রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সোনারগাঁয়ের মেঘনাঘাট হাইওয়ে মনিটরিং সেন্টার থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) চালিত স্বয়ংক্রিয় জরিমানা পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা হাইওয়েকে একটি পূর্ণাঙ্গ শৃঙ্খলার মধ্যে আনতে চাই। মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধি' প্রকল্পের আওতায় এআই চালিত এই অটোমেটিক প্রযুক্তি চালু করা হয়েছে। আইন অমান্যকারী চালক বা যানবাহনের বিরুদ্ধে প্রযুক্তির মাধ্যমে শতভাগ স্বচ্ছতা রেখে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের পুনরাবৃত্তি হলে ছাড় দেওয়া হবে না, সরাসরি রেজিস্ট্রেশন বাতিলের পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, স্মার্ট টেকনোলজি লিমিটেড কর্তৃক ১৪২ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের আওতায় সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত ২৫০ কিলোমিটার সড়কের ৪৯০টি পোলে মোট ১ হাজার ৪২৭টি এআই ও সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
এই প্রযুক্তির মাধ্যমে ওভারটেকিং, গতিসীমা লঙ্ঘন, উল্টো পথে গাড়ি চালানো, অবৈধ পার্কিং এবং সাইন-সিগন্যাল অমান্যের মতো ট্রাফিক অপরাধগুলো মুহূর্তের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত হবে। অপরাধ সনাক্ত হওয়ার পরপরই বিআরটিএর ডাটাবেজের মাধ্যমে যানবাহনের মালিকের মোবাইলে মামলার বার্তা ও জরিমানা চলে যাবে, যা ঘরে বসেই এমএফএস-এর মাধ্যমে পরিশোধ করা সম্ভব হবে।
হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আইজিপি মো. আলী হোসেন ফকির।

একটি মন্তব্য পোস্ট করুন