নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই সভায় উপজেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নান। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের গতি ত্বরান্বিত করা এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তব্যে এমপি মান্নান বলেন, "সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধাসম্পন্ন এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা সমন্বিত উদ্যোগ নেব।" এসময় তিনি স্থানীয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন,কোনো প্রকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের জমি দখল ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে থানা পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেন। সরকারি সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, তা নিশ্চিত করতে কর্মকর্তাদের আন্তরিক হওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে দুপুরে এক মানবিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোনারগাঁ উপজেলার অসহায়, দুঃস্থ ও সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার পক্ষ থেকে ঢেউটিন এবং গৃহ নির্মাণ মঞ্জুরির নগদ অর্থের চেক বিতরণ করেন প্রধান অতিথি। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আশ্বস্ত করে বলেন, সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির,সভাপতি শাহজাহান মেম্বার,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ।
স্থানীয়রা আশা প্রকাশ করছেন, নতুন এমপির এই সরাসরি তদারকি ও কঠোর নির্দেশনার ফলে সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে এবং উন্নয়ন প্রকল্পগুলো আলোর মুখ দেখবে।

