মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে যুবদলকে সক্রিয় হওয়ার আহ্বান এমপি মান্নানের
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী খেলার মাঠে উপজেলা যুবদলের আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মান্নান বলেন, মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এটি তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে যুবদলসহ সচেতন তরুণদের সম্মিলিতভাবে সোচ্চার হতে হবে। তিনি আশা প্রকাশ করেন, যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজ থেকে মাদক অনেকটাই দূর করা সম্ভব।
তিনি আরও বলেন, মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যেখানেই এমন অপরাধীদের দেখা যাবে, সেখানেই তাদের প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, মাদক ও অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর অবস্থান নিতে হবে। কোনো তদবির বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সোনারগাঁ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমি, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

একটি মন্তব্য পোস্ট করুন