সোনারগাঁয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় নিয়মিত গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কামারবাগ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে কাশেমের (৬০) লিচু বাগান সংলগ্ন একটি টিনের ছাপড়া ঘরে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নির্দেশে রাত ৯টা ১০ মিনিটের দিকে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে স্থানীয় সাক্ষী ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে তাদের শরীর তল্লাশি করা হয়। তল্লাশিকালে দুইজনেরই হাতে থাকা দুটি সাদা পলিথিনের মোড়ক থেকে ২৫০ গ্রাম করে সর্বমোট ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে, সোনারগাঁকে মাদকমুক্ত করতে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন