সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোনারগাঁয়ের ২৩ গ্রামে ঈদুল আজহা উদযাপন
![]() |
| ছবি, মুক্ত বাংলাদেশ |
সকাল ৮টায় উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকার গিরদান পশ্চিমপাড়া জামে মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে পুরুষ, নারী ও শিশুসহ প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন হাফেজ ওমর ফারুক।
খুতবা শেষে ইমাম হাফেজ ওমর ফারুক বলেন, আমরা কোনো নির্দিষ্ট দেশকে অন্ধভাবে অনুকরণ করছি না, বরং সহিহ হাদিসের আলোকে ও সঠিক হিসাব মেনে ঈদ উদযাপন করছি। প্রায় এক দশক ধরে আমরা এই নিয়মে ঈদ পালন করে আসছি।
একই সুর শোনা গেল গিরদান পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি খন্দকার রিয়াজউদ্দিনের কণ্ঠেও। তিনি বলেন, আল্লাহ তায়ালা পৃথিবীতে একটি চাঁদ ও একটি সূর্য সৃষ্টি করেছেন। তাই বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে আমরা সেই হিসাব অনুযায়ী ধর্মীয় উৎসব পালন করি। মসজিদ প্রতিষ্ঠার পর থেকেই আমরা এই নিয়ম বজায় রেখেছি।
গিরদান পশ্চিমপাড়া ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরও ২২টি গ্রামে পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গ্রামগুলোর মধ্যে রয়েছে, সাদিপুর ইউনিয়নের গণকবাড়ী, পশ্চিম গজারিয়াপাড়া, রতন মার্কেট, হলদাবাড়ি, দক্ষিণ গজারিয়াপাড়া, কোনাবাড়ি উত্তরপাড়া, কোনাবাড়ি, লস্করবাড়ি দক্ষিণপাড়া, গণকবাড়ি দক্ষিণপাড়া, কোনাবাড়ি পশ্চিমপাড়া, হাতুরাপাড়া, সাদিপুর বড়বাড়ি ও পূর্ব গজারিয়াপাড়া।
বারদী ইউনিয়নের চান্দেরপাড়া। জামপুর ইউনিয়নের আমগাঁও, বাসাবো, মুছারচর মধ্যপাড়া, বস্তল মধ্যপাড়া ও শামপুর কলতাপাড়া।
ঈদের নামাজ শেষে মুসলিম উম্মাহর ঐক্য, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

একটি মন্তব্য পোস্ট করুন