শিরোনাম ::
শিরোনাম ::

মুমিন হত্যার সর্বোচ্চ বিচার নিশ্চিতের আশ্বাস এমপি মান্নানের

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ছবি: মুক্ত বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে অটোরিকশাচালক মো. মুমিন (৪০)-কে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী এই নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি এতিম সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর এলাকায় নিহত মুমিনের বাড়িতে যান সংসদ সদস্য। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারটিকে সান্ত্বনা দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

এমপি মান্নান নিহতের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মুমিনের স্ত্রী, সন্তান ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। ছোট ছোট সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার কথা জানিয়ে তারা কান্নাজড়িত কণ্ঠে বলেন, মুমিনের আয়েই পুরো পরিবার চলত। তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো পরিবারটি এখন সম্পূর্ণ দিশেহারা।

পরিবারের এই চরম আর্থিক দুরবস্থার কথা শুনে সংসদ সদস্য তাৎক্ষণিকভাবে আর্থিক সহযোগিতা প্রদান করেন। একই সঙ্গে পিতৃহীন সন্তানদের পড়াশোনার যাবতীয় খরচ ও দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।

নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এই হত্যাকাণ্ডকে ‘বর্বর ও ন্যক্কারজনক’ বলে তীব্র নিন্দা জানান। 

তিনি বলেন, একজন শ্রমজীবী মানুষকে সামান্য ১০ টাকা চাঁদার জন্য যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত অমানবিক। এই ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য। এই অসহায় পরিবারটিকে কোনো অবস্থাতেই একা ফেলে দেওয়া হবে না। এ সময় তিনি সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও এই বিপন্ন পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এদিকে, হত্যাকাণ্ডের শিকার দিনমজুর মুমিনের বাড়িতে সংসদ সদস্যের আগমন ও তাৎক্ষণিক সহযোগিতায় নিহতের পরিবার কিছুটা সান্ত্বনা খুঁজে পেয়েছে। স্থানীয় বাসিন্দারা এমপির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

তবে এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে কোনো খেটে খাওয়া মানুষের ওপর এমন বর্বরতার পুনরাবৃত্তি না ঘটে।

সংসদ সদস্যের পরিদর্শনের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।


শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন