সোনারগাঁয়ে অবৈধ পার্কিংয়ের দায়ে ১৫ জন গ্রেফতার, ১৪ জনের কারাদণ্ড
![]() |
| ছবি; মুক্ত বাংলাদেশ |
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং ১ জনকে সড়ক পরিবহন আইনে আর্থিক জরিমানা করা হয়। পরে সাজাপ্রাপ্ত ১৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মোগড়াপাড়া চৌরাস্তার ফিডার রোডের তীব্র যানজট নিরসনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।
অভিযানকালে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরল ইসলাম, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোগড়াপাড়া চৌরাস্তার দু’পাশে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে ১৪ জনকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে এবং একজনকে জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার ফিডার রোড অবৈধ দখলমুক্ত রাখতে এবং যত্রতত্র অটো-সিএনজি পার্কিং বন্ধে আমরা এর আগে একাধিকবার মাইকিং ও সচেতনতামূলক অভিযান চালিয়েছি। অটো-সিএনজি রাখার জন্য নির্ধারিত আলাদা জায়গা থাকা সত্ত্বেও চালকেরা তা অমান্য করে রাস্তায় গাড়ি পার্কিং করে রাখছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের মাধ্যমেও তাদের সচেতন করা হয়েছিল। চলমান এইচএসসি পরীক্ষার বিষয়টি উল্লেখ করে গত বুধবারও তাদের সতর্ক করা হয়। কিন্তু আইন অমান্য করায় আজ (বৃহস্পতিবার) আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।
ইউএনও আরও জানান, রবিবারের এই অভিযানটি মূলত একটি সতর্কতামূলক পদক্ষেপ ছিল। যানজট নিরসনে প্রশাসনের এই উচ্ছেদ ও আইনগত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন