পুলিশ চেক পোস্টে জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতি
ভুক্তভোগী আরমান (৪০) ফেনী জেলার আব্দুস সোবহানের সন্তান। তিনি সপরিবারে জাপান যাওয়ার উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে করে ঢাকা আসছিলেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজার কাছাকাছি পৌঁছালে ৫-৬ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রশস্ত্র (চাপাতি, ছুরি ও লোহার রড) নিয়ে আকস্মিক গাড়ির গতি রোধ করে। গাড়ি থামানো মাত্রই আরমান ও তার পরিবারের ওপর হামলা চালানো হয়।
ডাকাতরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের ১৫ ভরি স্বর্ণালঙ্কার, একটি আইফোন-১৬ প্রো ম্যাক্সসহ তিনটি দামি মোবাইল ফোন এবং নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয়।
এদিকে, ঘটনার সময় চেকপোস্টের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল আরোহী জানান, মহাসড়কে সশস্ত্র যুবকদের দেখে তিনি ভয়ে দাঁড়িয়ে যান এবং চোখের সামনেই ডাকাতির ঘটনাটি ঘটে।
ঘটনার বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, ঘটনাটি মহাসড়কের মূল লেনে ঘটেনি, বরং টোলপ্লাজা সংলগ্ন নিচের একটি সংযোগ সড়কে ঘটেছে।
অন্যদিকে, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লুটপাটের এই ঘটনাটি খতিয়ে দেখতে আমাদের টিম কাজ করছে। সুনির্দিষ্ট তথ্য এখনও মেলেনি। পুলিশ চেকপোস্টের ঠিক সামনেই ঘটনাটি ঘটেছে বলে শুনছি, তবে বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন