সোনারগাঁয়ে মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা
শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে পানাম নগর চক্ষু হাসপাতাল ও ইনসাফ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দেন। ক্যাম্পে আগত বিপুল সংখ্যক নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস নির্ণয় এবং রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। চিকিৎসা সেবার পাশাপাশি সচেতনতামূলক পরামর্শও পান রোগীরা।
দীর্ঘদিন ধরে মাদক, চুরি ও ছিনতাইয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে কাজ করে আসা এই সংগঠনটির প্রবাসী সদস্যদের অর্থায়নে ও স্থানীয় যুবসমাজের সহযোগিতায় এই ক্যাম্পটি সফলভাবে বাস্তবায়িত হয়।
সংগঠনের অন্যতম উদ্যোক্তা ইঞ্জিনিয়ার বাবুল মোল্লা জানান, সুস্থ সমাজ বিনির্মাণে স্বাস্থ্য ও শিক্ষার বিকল্প নেই। যুবসমাজকে অপরাধের পথ থেকে দূরে রেখে সমাজসেবামূলক কাজে যুক্ত করাই তাদের লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

একটি মন্তব্য পোস্ট করুন