শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন নিশ্চিত এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় ২৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরের পুকুর ও মেঘনা নদীতে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়। ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে বদ্ধ জলাশয়, প্লাবনভূমি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ চত্বরের পুকুর ও মেঘনা নদীর পাশাপাশি কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়, উলুকান্দী মাদ্রাসা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং উপজেলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুরেও বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় বক্তারা বলেন, দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় নদী-নালা, খাল-বিল ও অন্যান্য প্রাকৃতিক জলাশয়ে মাছের নিরাপদ প্রজনন পরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অবৈধ ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধ এবং মা মাছ ও ছোট পোনা মাছ নিধন থেকে বিরত থাকতে হবে। এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা গেলে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, দেশীয় মাছের উৎপাদন ও প্রজনন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যেই সরকার প্রতিবছর বিভিন্ন নদী ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে থাকে। এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ সম্ভব নয়। নদী ও জলাশয়ের ওপর নির্ভরশীল মানুষসহ সবাইকে এ বিষয়ে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার এবং মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, ড. মোসা. শামীমা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, উপজেলা সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসেন, নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা প্রমুখ। 

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন