পারিবারিক গল্পে নির্মিত ‘সম্পর্কের দাম’, শেষ হলো শুটিং
নাটকটির গল্প আবর্তিত হয়েছে একটি পরিবারকে ঘিরে। সমাজে বসবাস করতে গিয়ে একটি পরিবারের সদস্যদের নানা প্রতিবন্ধকতা, সামাজিকতা রক্ষার চেষ্টা এবং পরিবার ও সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে তৈরি হওয়া সম্পর্কের নানা দিক উঠে এসেছে এতে।
নির্মাতা অনিক খান বলেন, ‘সম্পর্কের দাম’ মূলত একটি পারিবারিক গল্প। কয়েকটি ঘটনার সমন্বয়ে একটি পরিবারের কাহিনী নির্মাণ করা হয়েছে। গল্পের প্রতিটি চরিত্র একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে, যা নাটকের ঘটনাপ্রবাহকে আরও জীবন্ত করে তুলেছে।
লেখক তৈমুর খান হৃদয় গল্পের চরিত্রগুলোতে পারিবারিক ও সামাজিক সম্পর্কের পাশাপাশি মানবিকতার বিষয়টিও গুরুত্ব দিয়েছেন। রক্তের সম্পর্কের বাইরেও ভালোবাসা, দায়িত্ববোধ, ত্যাগ ও মানবিকতার মাধ্যমে মানুষের মধ্যে গভীর আত্মিক সম্পর্ক গড়ে উঠতে পারে—নাটকটির গল্পে সেই বার্তাই তুলে ধরা হয়েছে।
নির্মাতা অনিক খান মনে করেন, গল্পের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখেই নাটকটির নাম ‘সম্পর্কের দাম’ রাখা হয়েছে। তাঁর ভাষায়, গল্পের মাধ্যমে লেখক তৈমুর খান হৃদয় নিজের লেখকসত্তার পরিচয় দিয়েছেন। তিনি উল্লেখ করেন, লেখকের বাবা প্রয়াত লেখক জোসেফ শতাব্দীও ছিলেন দেশের চলচ্চিত্রাঙ্গনের পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব।
রায়হান নবীর প্রযোজনায় এবং ওমর শরিফ খান সাইকীর সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় নাটকটি নির্মাণ করেছে ‘নাট্যপাড়া মিডিয়া’।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রকি খান, রেবেকা খান, শিশির সর্দার, বাঁধন, মোকাররম মামুন, সাদিয়া তৃষা, আফসানা জুই ও মোহাম্মদ বখতিয়ার খানসহ আরও অনেকে।
নির্মাণ শেষে এখন দর্শকের অপেক্ষা। খুব শিগগিরই ‘নাট্যপাড়া মিডিয়া’ ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন