নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর মো. সোহেল মিয়া (৪০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর এলাকায় সড়কের ঢাল থেকে কসটেপ মোড়ানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহেল মিয়া উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সোহেল। রাতে তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। গতকাল মঙ্গলবার সকালে মুছারচর উত্তর পাড়া এলাকায় সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে সোহেলকে শ্বাসরোধ করে হত্যা করেছে। মৃত্যু নিশ্চিত করার পর মরদেহটি রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশা নিয়ে তারা পালিয়ে যায়। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহতের স্ত্রী রাজিয়া আক্তার কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার স্বামী অত্যন্ত পরিশ্রমী ছিলেন। আমাদের লামিয়া ও সুরাইয়া নামে দুটি ছোট মেয়ে রয়েছে। এখন তাদের কে দেখবে? আমি আমার স্বামী হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।"
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করতে এবং তাদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

