নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তায় অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘প্রিন্সিপ্যাল হান্ড্রেড শপিং মল’-এর জমকালো উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও ফিতা কেটে এই বাণিজ্যিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তাহরীকে খতমে নবুওয়াত বাংলাদেশের আমীর ও বিশিষ্ট শাইখুল হাদীস আল্লামা মুফতি সাইয়্যেদ ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী (পীর সাহেব জৈনপুর)। তিনি শপিং মলটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
প্রিন্সিপ্যাল গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম ফজলুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হান্ড্রেড প্লাজা লিমিটেডের চেয়ারম্যান এস এ এম ইয়াসিন খন্দকার এবং ডিএমডি মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, "সোনারগাঁয়ের অর্থনৈতিক অগ্রযাত্রায় এই ধরনের আন্তর্জাতিক মানের শপিং মল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি স্থানীয়দের কেনাকাটায় নতুন মাত্রা যোগ করবে।"
উদ্বোধন প্রসঙ্গে প্রিন্সিপ্যাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব কাজী মো: ওবায়েদ উল্লাহ বলেন, "আমরা সোনারগাঁবাসীকে একটি আধুনিক ও মনোরম পরিবেশে কেনাকাটার অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। পর্যাপ্ত নিরাপত্তা, লিফট ও কার পার্কিং সুবিধা সম্বলিত এই মলটি এই অঞ্চলের আধুনিকায়নে নতুন মাইলফলক হয়ে থাকবে।"
উদ্বোধনী দিনে শপিং মলটিতে স্থানীয় ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আধ্যাত্মিক আমেজের মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

