সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, সরঞ্জাম জব্দ
মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দত্তপাড়া ও আষাঢ়িয়ার চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অভিযানে দুটি স্পটে মোট তিনটি পয়েন্টে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে একটি অবৈধ চুন কারখানার দুটি এবং অপর একটি কারখানার তিনটি ভাট্টি ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে এক্সক্যাভেটর (ভেকু) মেশিন ব্যবহার করে কারখানাগুলোর অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। পাশাপাশি ভাট্টিতে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যরা।
এ সময় বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে সাতটি এয়ার মিক্সিং বার্নার, দুই ইঞ্চি ও দেড় ইঞ্চি ব্যাসের প্রায় ৪৫ ফুট এমএস পাইপ এবং প্রায় ২৫০ ফুট হোজ পাইপ। পরে এগুলো জব্দ ও বিনষ্ট করা হয়।
তিতাস গ্যাসের হিসাব অনুযায়ী, অভিযানে বাণিজ্যিক শ্রেণির প্রায় ১০ হাজার ঘনফুট/ঘণ্টা গ্যাস লোড বিচ্ছিন্ন করা হয়েছে। এতে সরকারের প্রতিদিন প্রায় ২ লাখ ৩ হাজার ৮০০ টাকার গ্যাস অপচয় রোধ করা সম্ভব হবে বলে জানানো হয়।
অভিযান চলাকালে কারখানার মালিকদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। মালিকপক্ষ পলাতক থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে জেল বা জরিমানা করা সম্ভব হয়নি বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছে।
অভিযানে সোনারগাঁ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন