আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ডাইং কারখানাকে ১ লাখ টাকা জরিমানা
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা। অভিযান চলাকালে সত্যবান্দি এলাকার ‘ঐশি ডাইং’ নামক একটি কারখানায় অবৈধভাবে বিপুল পরিমাণ গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। কারখানাটিতে ২.৫ টন ক্ষমতার একটি বয়লার ও ৪ চেম্বারের একটি স্ট্যান্টার মেশিন অবৈধ সংযোগে চলছিল।
অপরাধ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানার মালিক সবুর ভূঁইয়াকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া কারখানাটি থেকে একটি প্যাকেজ বার্নার এবং ১০০ ফুট প্লাস্টিক পাইপ জব্দ করা হয়।
শিল্প সংযোগের পাশাপাশি দুটি গ্রামের উচ্ছেদ অভিযান চালানো হয়। কাঁঠালিয়া পাড়া এলাকায় ৭০টি বাড়ির প্রায় ৮০টি চুলার সংযোগ বিচ্ছিন্ন ও তিনগাঁও এলাকায় ৫০টি বাড়ির প্রায় ৬০টি চুলার সংযোগ অপসারণ করা হয়েছে।
তিতাস কর্মকর্তাদের মতে, এসব অবৈধ সংযোগের ফলে দৈনিক আনুমানিক ১১,৬৪০ ঘনফুট গ্যাস অপচয় হচ্ছিল।
অভিযান চলাকালে একই এলাকার ‘মেসার্স ফারজানা ডাইং এন্ড প্রিন্টিং’ এবং ‘মেসার্স এ এম এন্টারপ্রাইজ’ পরিদর্শন করা হয়। তবে সেখানে কোনো অবৈধ সংযোগ পাওয়া যায়নি। একটি কারখানায় বিকল্প জ্বালানি হিসেবে কাঠ ও এলপিজি সিলিন্ডার ব্যবহারের প্রমাণ মেলে।
অভিযান শেষে তিতাস কর্তৃপক্ষ ২ ইঞ্চি ডায়ার ৪০ ফুট এমএস পাইপ এবং ১৮০ ফুট প্লাস্টিক পাইপলাইন অপসারণ করে। পুনরায় সংযোগ রোধে উৎসমুখগুলো স্থায়ীভাবে বন্ধ (কিল) করে দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা জানান, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে তিতাস গ্যাসের (আড়াইহাজার ও রূপগঞ্জ অঞ্চল) ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন