মাদকমুক্ত উন্নত সমাজ গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই-এমপি মান্নান
মছলন্দপুর সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মান্নান বলেন, কেবল পাঠ্যবইয়ের জ্ঞান দিয়ে আলোকিত মানুষ হওয়া সম্ভব নয়। বর্তমান প্রজন্মকে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধে দীক্ষিত হতে হবে। যদি আমরা শিক্ষার্থীদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে পারি, তবেই তারা আগামীর উন্নত বাংলাদেশ গড়তে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে।
সমাজ থেকে মাদক নির্মূলের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, মাদক একটি জাতির মেরুদণ্ড ভেঙে দেয়। তরুণ সমাজকে এই বিষাক্ত ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় তরুণদের সম্পৃক্ত করা এখন সময়ের দাবি।
মছলন্দপুর সমাজ কল্যাণ সংসদের সভাপতি আবুল কাশেম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম সরকার।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন দিপু। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ তুলে দেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, তৃণমূল পর্যায়ে এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করবে এবং এলাকায় একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে।

একটি মন্তব্য পোস্ট করুন