এক শিক্ষার্থী, এক গাছ' সফল করতে নোয়াগাঁওয়ে চারা বিতরণ করলেন সজীব
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় ও নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৮ জুলাই) নোয়াগাঁও হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ আন্দোলন এবং 'One Student, One Tree' প্রজেক্ট মাঠপর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে মূল ভূমিকা পালন করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব।
শিক্ষার্থীদের উদ্দেশে খায়রুল ইসলাম সজীব বলেন, সবুজ ও বাসযোগ্য সোনারগাঁও গড়ে তুলতে হলে তরুণ প্রজন্মকে পরিবেশ আন্দোলনে উদ্বুদ্ধ করতে হবে। আজ শিক্ষার্থীদের হাতে যে গাছের চারা তুলে দেওয়া হচ্ছে, সেটির সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে এক একটি বৃক্ষে রূপান্তর করার দায়িত্বও তাদের নিতে হবে। শিক্ষার্থীদের এই সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই আমরা পরিচ্ছন্ন ও সবুজ নারায়ণগঞ্জ রূপায়নে সফল হব।
নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা উল্লেখ করেন, স্থানীয় সংসদ সদস্যের আহ্বানে সাড়া দিয়ে পুরো অঞ্চলকে একটি সবুজ বলয়ে রূপান্তর করতে এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন কৃষকদলের সভাপতি কবির হোসেন ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন জীবনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভা শেষে বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন