চাঁদাবাজির আস্তানা ভাঙল প্রশাসন, ৫০০শত অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা অভিযান চালিয়ে সড়ক ও জনপথের (সওজ) সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানসহ অন্তত পাঁচ শতাধিক স্থাপনা একযোগে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অনেক দখলদার তড়িঘড়ি করে তাদের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও বুলডোজারের আঘাতে মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যায় দীর্ঘদিনের গড়ে ওঠা অবৈধ টংঘর ও দোকানপাট।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, মোগরাপাড়া চৌরাস্তা এলাকাটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট। বেশ কিছুদিন ধরে এলাকাটিকে ঘিরে একটি প্রভাবশালী চক্র সওজের জায়গা জবরদখল করে রেখেছিল। তারা অস্থায়ী ও আধা-পাকা টংঘর তৈরি করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা পজিশন ও ভাড়ার নামে পকেটস্থ করছিল। মহাসড়কের সার্ভিস লেন ও ফিডার রোডের সিংহভাগ জুড়ে এসব দোকান থাকায় প্রতিদিন পথচারীদের চরম ভোগান্ত পোহাতে হতো, পাশাপাশি সৃষ্টি হতো দীর্ঘ ও নিত্যদিনের যানজট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার জানান, দীর্ঘদিন ধরে প্রভাবশালী চক্রটি সরকারি জমি অবৈধভাবে দখল করে রাখা ছাড়াও এসব টংঘর ভাড়া দিয়ে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর শোষণের জাল বিস্তার করেছিল। এসব অবৈধ দখলের জন্যই মোগরাপাড়া এলাকায় মূল সড়ক ও সার্ভিস লেনে নিয়মিত যানজটের সৃষ্টি হতো।
তিনি শক্ত হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারি জায়গা উদ্ধার করার মধ্য দিয়ে আমরা যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করার লক্ষ্য নিয়েছি। সওজের জায়গায় পুনরায় কোনো দখলদারিত্ব বরদাশত করা হবে না। এই উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একটি মন্তব্য পোস্ট করুন