শিরোনাম ::
শিরোনাম ::

জমি নিয়ে বিরোধে সোনারগাঁয়ে সংঘর্ষ, আহত ১০

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সোনারগাঁয়ের চর ভবনাথপুর এলাকায় দুই পক্ষের সংঘর্ষ। এ ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার ২০ শতাংশ জমির মালিকানা ও দখল নিয়ে মোস্তাক আহম্মেদের সঙ্গে বকুল মিয়ার পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মোস্তাক আহম্মেদের দাবি, জমিটি নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে এবং এ বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞাও রয়েছে।

অভিযোগ রয়েছে, শনিবার দুপুরে মোস্তাক আহম্মেদ ও তার পরিবারের সদস্যরা জমির পাশের এলাকায় কাজ করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে মোস্তাক আহম্মেদ, তার ভাই গোফরান উদ্দিন, ভাবী পারভীন ও লাইলী এবং ভাতিজা ইমন ও ইমরুলসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

মোস্তাক আহম্মেদের অভিযোগ, সংঘর্ষের সময় তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়া হয়। ঘটনার পর তাদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় তিনি ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অপর পক্ষের বকুল মিয়া। তিনি বলেন, সংঘর্ষে তাদের পক্ষের চারজন আহত হয়েছেন। তার ছোট ভাই রাসেল গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। বকুল মিয়া জানান, তারাও এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, জমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং বিষয়টি পুলিশের জানা ছিল। বিরোধ মীমাংসার জন্য তাদের সময় দেওয়া হয়েছিল। তবে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন