আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সমর্থনে আয়োজিত বিশাল নির্বাচনী গণসংযোগ ও সভা এক উৎসবমুখর পরিস্থিতির সৃষ্টি করেছে। হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এই শোডাউনকে ধানের শীষের প্রার্থীর বড় ধরনের 'চমক' হিসেবে দেখছেন সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।
সোমবার সকাল থেকেই মোগরাপাড়া, জামপুর ও সাদিপুর ইউনিয়নের প্রতিটি অলিতে-গলিতে ধানের শীষের সমর্থনে মিছিল বের করা হয়। দুপুরে আজহারুল ইসলাম মান্নান যখন গণসংযোগে নামেন, তখন পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পথসভায় আজহারুল ইসলাম মান্নান বলেন,"এই নির্বাচন কেবল আমার জয়ের জন্য নয়; বরং এটি সাধারণ মানুষের হৃত অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে আনার নির্বাচন। দীর্ঘ সময় পর মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। আমি বিশ্বাস করি, ধানের শীষে ভোট দিয়ে জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি গণতন্ত্র, ন্যায়বিচার ও শান্তির পক্ষে তাদের চূড়ান্ত রায় দেবে।"
তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে সোনারগাঁকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। বিশেষ করে মাদক নির্মূল, চাঁদাবাজি বন্ধ এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিকেই তিনি মূল অগ্রাধিকার দেবেন বলে ঘোষণা করেন।
প্রচারণার শেষ লগ্নে প্রার্থীর এমন সরব উপস্থিতি ভোটারদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করেছে। স্থানীয় এক প্রবীণ ভোটার জানান, "আমরা দীর্ঘদিন ধরে শান্তি ও উন্নয়ন প্রত্যাশা করছি। প্রচারণার শেষ দিনে এই উৎসবমুখর পরিবেশ দেখে মনে হচ্ছে সোনারগাঁয়ে পরিবর্তনের হাওয়া বইছে।"
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রচারণার শেষ দিনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই এত বড় জমায়েত সোনারগাঁয়ে বিএনপির সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ। ভোটারদের যে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেছে, তা নির্বাচনী বৈতরণী পার হতে আজহারুল ইসলাম মান্নানকে অনেকটা এগিয়ে রাখছে।

